স্পোর্টস রিপোর্টার
দুই দিন আগে মাশরাফি বিন মুর্তজার শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। গতকাল গুজব ছড়িয়ে পড়ে যে, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। কিন্তু আসলে মাশরাফির অবস্থা আগের মতোই আছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক, ডাক্তার এ বি এম আব্দুল্লাহ তার দেখভাল করছেন।
মাশরাফি নিজের অবস্থা জানিয়ে গতকাল ফেসবুকে একটি বিবৃতি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন,‘আমি এখন পর্যন্ত শারীরিকভাবে সুস্থ আছি। বাসায় থেকেই প্রয়োজনীয় চিকিত্সাসেবা গ্রহণ করছি। কিছু পরীক্ষা করার জন্য আমার হাসপাতালে যাওয়ার প্রয়োজন হতে পারে, সেটা স্বাভাবিক। হাসপাতালে ভর্তি কিংবা রুম না পাবার তথ্য সম্পূর্ণভাবে ভিত্তিহীন। কোনো কারণে আপনারা বিভ্রান্ত হবেন না, কোনো ধরনের নিউজে আপনারা বিচলিত হবেন না।’
মাশরাফির সঙ্গে গতকাল বিকালেও এই প্রতিবেদকের কথা হয়েছে। তিনি সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করছেন। নিজের বাসায় আইসোলেশনে আছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তার নিয়মিত খোঁজ নিচ্ছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ বিষয়ে যোগাযোগ রাখছেন।