ডি ইয়ংকে হারাল বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক

শীর্ষস্থান হারানোর দিনে আরো একটা বড়ো ধাক্কা খেল বার্সেলোনা। চোটের কারণে মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ংকে অনির্দিষ্টকালের জন্য হারিয়েছে তারা। মায়োর্কার বিপক্ষে বার্সার মাঠে ফেরার দিনে সর্বশেষ মাঠে নেমেছিলেন ডাচ মিডফিল্ডার। এর পরের দুই ম্যাচে ছিলেন না স্কোয়াডেই, যার শেষটিতে হেরেই শীর্ষস্থান হারিয়েছে বার্সা। গত রবিবার সাবেক আয়াক্স মিডফিল্ডারের চোট সম্পর্কে বিস্তারিত জানায় বার্সা। ডান পায়ের কাফ মাসলের চোট দাঁড়াতেই দিচ্ছে না তাকে। তাই তিনি ফিরবেন কবে এ ব্যাপারেও আছে সংশয়। সম্ভাবনা আছে পুরো মৌসুমের জন্যই ছিটকে যাওয়ার। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের পর চলতি মৌসুমে বার্সার হয়ে সবচেয়ে বেশি সময় খেলা খেলোয়াড়দের একজন তিনি। লিগের গুরুত্বপূর্ণ সময়ে তার চোট তাই বড়ো এক ধাক্কা হয়েই এসেছে কাতালান দলটির জন্য।