মাশরাফি-অপুদের নিয়ে চিন্তিত বিসিবি

স্পোর্টস রিপোর্টার

ক্রিকেটারদের নিরাপদে রাখার জন্যই এত দিন ধরে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম বন্ধ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু শেষ রক্ষা হলো না।

ক্রিকেট পরিবারে আঘাত হেনেছে করোনা ভাইরাস। প্রথমে সাবেক জাতীয় তারকা নাফীস ইকবাল আক্রান্ত হয়েছেন। এরপর সদ্য সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা এবং জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাজমুল হোসেন অপুও আক্রান্ত হয়েছেন। আর এদের নিয়ে চিন্তিত বিসিবি সর্বোচ্চভাবেই তাদের পাশে থাকার চেষ্টা করছে বলে জানালেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

ক্রিকেটারদের আক্রান্ত হওয়া খেলাটির জন্য একটা আঘাত, এটা সুজন নিজেই বললেন। তবে এটাও বললেন যে, সারা দেশে যেভাবে মানুষ আক্রান্ত হচ্ছেন, তাতে ক্রিকেটারদের আক্রান্ত হওয়ায় আর বিস্ময়ের কিছু নেই।

তিনি বলেন, ‘আমাদের জন্য তো এটা বড়ো মানসিক ধাক্কা। ক্রিকেটাররাই হলেন ক্রিকেটের মূল ব্যাপার। আমরা অবশ্যই উনাদের নিয়ে চিন্তিত। তবে এটা বুঝতে হবে যে, সমাজের অনেক গুণী মানুষ, রাজনৈতিক ব্যক্তিত্বও আক্রান্ত হচ্ছেন। সারা দেশের মানুষ আক্রান্ত হচ্ছেন। তাই ক্রিকেটারদের আক্রান্ত হওয়াটাও মেনে নিতে হবে।’

বিসিবি অবশ্য এটা মেনে নিয়ে চুপচাপ বসে নেই। তারা তাদের সর্বোচ্চ দিয়েই ক্রিকেটারদের পাশে থাকছে বলে জানালেন সুজন, ‘আমরা প্রতিনিয়ত এই আক্রান্ত ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ রাখছি। আমাদের চিকিত্সকরা যোগাযোগ রাখছেন। তারা পরিস্থিতি নজরে রাখছেন। প্রয়োজন হলে সব ধরনের সাপোর্ট দিতে তৈরি আছি আমরা। আমাদের সামর্থ্যে সর্বোচ্চ যা আছে, সেভাবেই উনাদের প্রয়োজনে চিকিত্সা করানো হবে।’

বিশেষ করে মাশরাফির কথা বলতে গিয়ে সুজন বললেন, এ ব্যাপারে স্বয়ং বিসিবি প্রধান যোগাযোগ রাখছেন। তিনি বলেছেন, ‘মাশরাফি তো কেবল একজন ক্রিকেটার নন; তিনি একজন সংসদ সদস্য, একজন আইকন। তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সজাগ আছি। বোর্ড সভাপতি নিজে উনার সঙ্গে যোগাযোগ রাখছেন। আমি যতদূর জানি, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক নিজে মাশরাফির ব্যাপারটা দেখছেন।’

এ ছাড়া আর কোনো ক্রিকেটার আক্রান্ত হলেও তার জন্য বিসিবি প্রস্তুত থাকবে বলে জানালেন সুজন, ‘আমরা চাই না আর একজন ক্রিকেটারও আক্রান্ত হোক। তবে যদি কেউ আক্রান্ত হন, আমাদের যে সুবিধা আছে, সেটা আমরা ব্যবহার করব। আমাদের যত রকমের যোগাযোগ আছে, তা ব্যবহার করে উনাদের পাশে থাকব।’