ধর্ষণের ঘটনায় কেউ পার পাবে না :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নোয়াখালীর সুবর্ণচরে নারী ধর্ষণের ঘটনাকে নিন্দনীয় এবং শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এ ঘটনার সঙ্গে যারাই জড়িত হোক তাদের কেউ পার পাবে না। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আমি এ ব্যাপারে আমাদের নেত্রী শেখ হাসিনার মনোভাব জানি। সরকার এ ব্যাপারে কঠোর অবস্থানে। ইতোমধ্যে পুলিশের আইজির সঙ্গে আমার কথা হয়েছে। সেনাবাহিনীর ওই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অফিসাররাও বিষয়টি সিরিয়াসলি দেখছেন।’

গতকাল বুধবার সেতু ভবনে ভারতের বিদায়ী হাইকমিশনার হর্ষবর্ধন শ্রীংলার সঙ্গে সাক্ষাত্ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নির্বাচনে বিএনপির ভরাডুবির কারণ কী জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘রাজনীতি হলো জোয়ার-ভাটার মতো। জোয়ার সবসময় থাকে না। আওয়ামী লীগের জোয়ার যে সবসময় থাকবে এমনটি ভাবার কারণ নেই। তবে আওয়ামী লীগে জোয়ার থাকবে, না ভাটা থাকবে তা নির্ভর করবে আমাদের কর্মকাণ্ডের ওপর।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে আওয়ামী লীগের জয়ের ব্যাপারে কোনো সন্দেহ ছিল না, আমরা টেনশনেও ছিলাম না।’ তিনি বলেন, ‘সংসদের বিরোধী দলে গতবার যারা ছিল তারা তো আছেই। এছাড়া বিএনপি-ঐক্যফ্রন্ট থেকে আরও সাতজন আছেন। তাদের ভিন্ন কোনো সিদ্ধান্ত আছে কিনা তা তো জানা নেই। নবগঠিত সরকার ঐকমত্যের ভিত্তিতে হবে কিনা সেটাও ১০ জানুয়ারির মধ্যে জানা যাবে। বিএনপি-ঐক্যফ্রন্টের সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘তারা জনগণের ভোটে নির্বাচিত হয়েছেন। এখন তাদের উচিত সংসদে এসে জনগণের কথা বলা। তাদের উচিত জনগণের রায়কে শ্রদ্ধা জানানো। ওই সাতজন সংখ্যায় কম হলেও তাদের কণ্ঠস্বর তো অনেক বড়।’ জাতীয় পার্টির (জাপা) বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জাপা সরকারে না বিরোধী দলে থাকবে তা কাল (আজ বৃহস্পতিবার) জানা যাবে।’ নতুন করে নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের চ্যালেঞ্জ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘চ্যালেঞ্জ হলো ইশতেহারের ওয়াদা পূরণ, প্রতিশ্রুতির বাস্তবায়ন করা। আমাদের বিশাল জয় হয়েছে, বিশাল দায়িত্ব, বিশাল প্রত্যাশা রয়েছে।’

ভোটে কারচুপি হয়েছে, বিএনপি আন্দোলন করতে চায় একজন সাংবাদিক এ বিষয়টি তুলে ধরলে ওবায়দুল কাদের বলেন, ‘গত ১০ বছর ধরে তো আন্দোলনের কথা শুনে আসছি। তারা যদি আন্দোলন করতে চায় তাহলে তা রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। আন্দোলনের নামে কোনো সহিংসতা করলে আইন-শৃঙ্খলা বাহিনী তা নিয়ন্ত্রণ করবে। আর যদি আইনিভাবে লড়াই করতে চায় তাহলে আমরাও আইনিভাবে বিষয়টির মোকাবিলা করব।’