ইত্তেফাক রিপোর্ট
বকেয়া বেতনসহ অন্যান্য পাওনার দাবিতে দেশের বৈদ্যুতিক তারের (ক্যাবল) উত্পাদনকারী প্রতিষ্ঠান প্যারাডাইজ ক্যাবলের শ্রমিকরা গত রবিবার থেকে রাজধানীর বিজয় নগরের শ্রম ভবনের সামনে লাগাতার অবস্থান ধর্মঘট পালন করে আসছে। এ অবস্থান থেকে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে মিছিল ও স্মারকলিপির কর্মসূচি পালনেরও চেষ্টা করেন। অবশ্য পুলিশের বাধার মুখে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে শ্রমিকরা যেতে পারেননি। পরে জাতীয় প্রেসক্লাবের কাছে সড়কে সমাবেশ করে। তবে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দিয়ে আসে বলে জানা গেছে। এছাড়া শ্রমিক নেতারা জানান, বকেয়া মজুরি না পাওয়া পর্যন্ত শ্রম ভবনের সামনে শ্রমিকদের এই লাগাতার অবস্থান কর্মসূচি চলবে।
পাওনার দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্যারাডাইস ক্যাবল শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমীন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, যুগ্মসাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শ্রমিকনেতা দুলাল সাহা, জাহাঙ্গীর আলম গোলক প্রমুখ।