যমুনায় অবাধে চলছে মা-মাছ নিধন

মাদারগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

দেশীয় মাছের প্রজনন সময়ে যমুনা নদী থেকে প্রতিদিন শত শত মা-মাছ ধরা হচ্ছে। ফলে নদ-নদীতে মাছের প্রজনন না হওয়ায় দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রতিদিন যমুনা নদী থেকে পেশাদার মত্স্যজীবী ও শৌখিন মাছ শিকারিরা বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জ  থেকে বগুড়া এবং মাদারগঞ্জ  থেকে বাহাদুরাবাদ পর্যন্ত যমুনা নদীতে ফাসি জাল, টেঁটা ও কোচ দিয়ে মা বোয়াল, আইড়সহ ছোটো প্রজাতির ডিমওয়ালা মাছ শিকারের উত্সবে  মেতেছে।

যমুনার মাছ শিকারি সুকান্ত বর্মন জানান, যমুনা নদী এ অঞ্চলে দেশীয় মাছের প্রজননের অভয়াশ্রম। নদীতে বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গে এবং বজ বৃষ্টির সময় মা-মাছ চরার অল্প পানিতে উঠে ঘাস বা কাশবনে ডিম ছাড়ে। এ সময় শিকারিরা জাল ও কোচ দিয়ে মা-মাছ শিকার করে। এভাবে প্রতিদিন ১০ থেকে ৩০ কেজি ওজনের মাছ ধরা হয়। এভাবে মা-মাছ শিকারের ফলে এককালের মত্স্য ভাণ্ডারখ্যাত যমুনা নদী এখন দেশীয় প্রজাতির মাছশূন্য হতে চলেছে। এদিকে এ ব্যাপারে উপজেলা মত্স্য অফিসে কথা বলতে চাইলে উপজেলা মত্স্য কর্মকর্তা তানভীর আহম্মদ করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে থাকায় কেউ কথা বলতে রাজি হননি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম জানান, যমুনায় প্রতিদিন মা মাছ নিধনের ফলে দেশীয় মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। তবে শিগিগরই এসব মাছ নিধন বন্ধে অভিযান পরিচালিত হবে।