মতিউর রহমান, দিনাজপুর
সরকার নির্ধারিত মূল্যের চেয়ে খোলা বাজারেই ভালো দাম থাকায় এবার দিনাজপুরে ঝিমিয়ে পড়েছে খাদ্য বিভাগের বোরো সংগ্রহ অভিযান। অভিযান শুরুর প্রায় দেড় মাসে দিনাজপুরে মোট লক্ষ্যমাত্রার মাত্র ৪ শতাংশ ধান, ১৪ শতাংশ সিদ্ধ চাল এবং ৯ শতাংশ আতপ চাল সংগ্রহ করতে পেরেছে খাদ্য বিভাগ।
দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. আশ্রাফুজ্জামান জানান, দিনাজপুর জেলায় চলতি বোরো সংগ্রহ অভিযানে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৩২ হাজার ৭২ মেট্রিক টন ধান, মিলমালিকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ৯১ হাজার ৭২৩ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ৩৫ টাকা কেজি দরে ১৩ হাজার ৯২ মেট্রিক টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। চাল সরবরাহের লক্ষ্যে ইতিমধ্যেই জেলার প্রায় ২ হাজার ১০০ মিলমালিক খাদ্য বিভাগের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। কিন্তু গত ৭ মে এই অভিযান শুরু হলেও ২২ জুন পর্যন্ত ১ হাজার ৬৫০ মেট্রিক টন ধান, ১৫ হাজার ১৯৩ মেট্রিক টন সিদ্ধ চাল এবং ১ হাজার ৪৩৭ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হয়েছে। যা মোট লক্ষ্যমাত্রার মাত্র ৪ শতাংশ ধান, ১৪.৫ শতাংশ সিদ্ধ চাল এবং ৯ শতাংশ আতপ চাল। এই সংগ্রহ অভিযান চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এদিকে দিনাজপুর জেলা চালকল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হুসেন বলেন, ব্যাংক লোন, মিল খরচসহ সব মিলিয়ে এবার চরম লোকসান গুনতে হবে মিলমালিকদের। তাই সরকারের বোরো সংগ্রহ অভিযান সফল এবং মিলমালিকদের লোকসানের হাত থেকে বাঁচাতে সরকারি প্রণোদনার দাবি জানান তিনি।