গৌরীপুরে কৃষককে কুপিয়ে হত্যা

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় চাঁন মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে ঐ উপজেলার সিধলা ইউনিয়নের বারোআনী গ্রামের শমসের আলীর ছেলে। এ হামলায় আহত তোতা মিয়া (৪৫) মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, সিধলা ইউনিয়নের বারোআনী গ্রামে জমিসংক্রান্ত বিষয় নিয়ে চাঁন মিয়ার পরিবারের সঙ্গে প্রতিবেশী লাল মিয়ার পরিবারের বিরোধ চলছিল। রবিবার সকালে লাল মিয়ার লোকজন বিরোধপূর্ণ জমিতে খুঁটি দিয়ে দখল করে। খবর পেয়ে চাঁন মিয়া ও তার ভাই তোতা মিয়া ঘটনাস্থলে গেলে প্রতিপক্ষরা হামলা চালিয়ে দুই ভাইকে কুপিয়ে আহত করে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহানউদ্দিন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হামলার পরপরই অপরাধীরা পালিয়ে গেছে। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।