রাজধানীর মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয়ে ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) এর জন্য শিক্ষার্থী প্রতি ৭ হাজার ৮শ টাকা আদায় করা হচ্ছে। এতে ক্ষুব্ধ অভিভাবকরা কয়েকদিন যাবত্ বিক্ষোভ দেখালেও তাতে গুরুত্ব দিচ্ছে না স্কুল কর্তৃপক্ষ। অভিভাবক ও শিক্ষার্থীরা স্কুল কর্তৃপক্ষের আচরণে অসহায় অবস্থায় পড়েছে।
মীম আক্তার নামে এক অভিভাবক জানান, তার সন্তান মতিঝিল মডেল হাইস্কুলের বাসাবো শাখা থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হয়। এবার সে পার্শ্ববর্তী মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় নবম শ্রেণির ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়।
এ কারণে এই অভিভাবক রাজধানীর মতিঝিল মডেল উচ্চ বিদ্যালয়ে টিসির জন্য গেলে প্রতিষ্ঠানের দায়িত্বে শাখা প্রধান জেবুন্নেসা জানান, টিসি নিতে ৭ হাজার ৮শ টাকা লাগবে। কেন লাগবে জানতে চাইলে শাখা প্রধান জানান, শিক্ষার্থীকে নবম শ্রেণিতে ভর্তি হলেই টিসি দেওয়া হবে। নইলে দেওয়া হবে না। নবম শ্রেণির ভর্তি ও সেশন ফি ৭ হাজার ৮শ টাকা।
এভাবে যে সব শিক্ষার্থী অন্য প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সকলের কাছ থেকে এভাবে টাকা আদায় করছে স্কুল কর্তৃপক্ষ। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা বলছেন, প্রতিষ্ঠান থেকে এভাবে টাকা আদায় করা বেআইনি ও অনৈতিক। টিসি বাবদ সর্বোচ্চ ১ থেকে ২শ টাকা নেওয়া যেতে পারে।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, এটা অবশ্যই হতে পারে না। একজন শিক্ষার্থী কেন নবম শ্রেণিতে দুবার ভর্তি হবে। কেন টিসি বাবদ এত টাকা নেওয়া হবে। তিনি এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ঢাকা অঞ্চলের উপ-পরিচালক সাখাওয়াত হোসেন বিশ্বাস বলেন, এভাবে টাকা আদায় করা যাবে না।
এ বিষয়ে ইত্তেফাক প্রতিনিধি মোবাইলে ফোন দিলে শাখা প্রধান জেবুন্নেসা বলেন, এখন শিক্ষা মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি পরে ফোন করুন। তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি। পরে ফোন দিলেও তিনি রিসিভ করেননি।