স্টাফ রিপোর্টার, রাজশাহী
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ২০২০-২১ অর্থবছরে প্রায় হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। শনিবার দুপুরে নগর অ্যানেক্স ভবনের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাসিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এই বাজেট ঘোষণা করেন। প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয়ের হিসাব সমান হলেও প্রস্তাবিত বাজেট গত অর্থবছরের চেয়ে আকারে প্রায় দ্বিগুণ।
সংবাদ সম্মেলনে রাসিকের প্যানেল মেয়র-২ রজব আলী, ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল-আযীম, প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ বি এম শরীফ উদ্দিন, সচিব আবু হায়াত মো. রহমাতুল্লাহ, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ছিল ৫৪৭ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকার। যা সংশোধিত হয়ে ৪৭৩ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার টাকায় দাঁড়িয়েছে। এবার ২০২০-২১ অর্থবছরে ৯৯৬ কোটি ৭৯ লাখ ৩ হাজার ৩২৯ টাকা ৯২ পয়সার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।