করোনা পরীক্ষা বন্ধ
চৌমুহনী (নোয়াখালী) সংবাদদাতা
কিট সরবরাহ না থাকায় চৌমুহনীস্থ আবদুল মালেক উকিল মেডিক্যাল কলেজে করোনা ভাইরাস শনাক্তকরণ পরীক্ষা বন্ধ রয়েছে। অপরদিকে বেগমগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভিপিএম সরবরাহ না থাকায় বিকল্প ব্যবস্থায় নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এ ব্যাপারে মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল সালামের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এ কলেজে প্রতিদিন ৯৪টি নমুনা পরীক্ষা করার সক্ষমতা রয়েছে। অনেক সময় অধিক পরিমাণে নমুনা আসলে প্রয়োজনে দ্বিতীয় শিফটে কাজ করা হয়। তবে বর্তমানে কিট সরবরাহ না থাকায় পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। শিগগিরই কিট সরবরাহ হলে পরীক্ষা আরম্ভ করা হবে।
বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান নমুনা সংগ্রহ করার জন্য ভিপিএম সরবরাহ না থাকায় বিকল্প ব্যবস্থায় নমুনা সংগ্রহ করে অর্ধ কিলোমিটার দূরে মেডিক্যাল কলেজে পাঠালে সেখানে গ্রহণ করে না। বাধ্য হয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয়। সেখান থেকে পরেরদিনই রিপোর্ট চলে আসে। অথচ অর্ধ কিলোমিটার দূর মেডিক্যাল কলেজ থেকে রিপোর্ট আসতে চার/পাঁচ দিন সময় লেগে যায়। ১৬ জুন তারিখে পাঠানো নমুনার রিপোর্ট গতকাল সোমবার পর্যন্ত আসেনি।