ফরিদগঞ্জ (চাঁদপুর ) প্রতিনিধি
ফরিদগঞ্জের শীর্ষ মাদক সম্রাট হেদায়েত উল্লাহ বাদশা (২৫) চট্টগ্রামে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে।
২০ জুন শনিবার ভোর রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকার আকমল আলী রোডে জেলে পাড়াসংলগ্ন বেড়িবাঁধে এ বন্দুকযুদ্ধ হয় বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চট্টগ্রামে সমুদ্রপথে মাদকের চালান এসেছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল সেখানে যায়। এ সময় সাগরের দিক থেকে চার-পাঁচ জন যুবক বেড়িবাঁধের দিকে আসলে র্যাবের সদস্যরা তাদের গতিরোধ করার নির্দেশ দেন। কিন্তু র্যাবের উপস্থিতি দেখতে পেয়ে মাদক ব্যবসায়ীরা হঠাত্ গুলি করা শুরু করলে আত্মরক্ষার্থে র্যাবও গুলি চালায়।
এ সময় ঘটনাস্থলে চাঁদপুরের ফরিদগঞ্জের শীর্ষ মাদক সম্রাট হেদায়েত উল্লাহ ওরফে বাদশা নিহত হলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে ১ লাখ পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, একটি এলজি ও ছয় রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় ।
নিহত বাদশা ফরিদগঞ্জ উপজেলার ২ নম্বর বালিথুবা ইউনিয়নের আহসান উল্লাহ মিজি (আছুল্লা) বাড়ির মাওলানা ইউসুফের ছেলে।