নারায়ণগঞ্জে অবশেষে আইসিইউ বেড

আজ থেকে ফের নমুনা সংগ্রহ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে অবশেষে গতকাল দুপুরে আইসিইউ বেড এসে পৌঁছেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ বেড পাঠানো হয়। তবে এটি চালু করতে আরো সাত দিন লাগবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। এদিকে নারায়ণগঞ্জের দুটি প্রাইভেট ক্লিনিক যেখানে আইসিইউ সেবার ব্যবস্থা আছে কিন্তু এতদিন এসব স্থানে করোনা আক্রান্তদের চিকিত্সা সেবা দেওয়া হয়নি, এ দুইটি ক্লিনিক সংসদ সদস্য শামীম ওসমানের আহ্বানে সাড়া দিয়ে আজ থেকে করোনা আক্রান্ত রোগীদের সেবা দিবেন।

গতকাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক জসিম উদ্দিন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, জেলা করোনার ফোকাল পারসন ডা. জাহিদুল ইসলাম, বেসরকারি দুইটি প্রাইভেট ক্লিনিক প্রো-অ্যাকটিভ ও আল বারাকার প্রতিনিধিদের উপস্থিতিতে এ কথা জানান শামীম ওসমান।

নারায়ণগঞ্জের খানপুরে করোনা হাসপাতালে সাত দিন বন্ধ থাকার পর আজ থেকে পুনরায় নমুনা সংগ্রহ শুরু করা হবে। কিট সংকটের কারণে টেস্ট করতে না পারলেও এসব নমুনা টেস্টের জন্য সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে পাঠানো হবে। গতকাল বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়। তিনি জানান, আমাদের কিট যতদিন না আসবে আমরা ঢাকাতেই নমুনা প্রেরণ করব।