বিশেষ প্রতিনিধি
জনগণের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে করোনায় আক্রান্ত হওয়া ৫ হাজার ১৩৩ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে অনেকেই কর্মস্থলে যোগদান করেছেন। এদের মধ্যে কয়েকজন বাড়ি ফিরেছেন। গতকাল পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রবিবার পর্যন্ত পুলিশের ৩০ জন সদস্য করোনাযুদ্ধে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে জীবন উত্সর্গ করেছেন। তাদের মৃত্যুতে সহকর্মী হারানোর শোককে শক্তিতে পরিণত করে দেশ সেবার দৃপ্ত শপথ বুকে ধারণ করে কাজ করে যাচ্ছে পুলিশ।
রবিবার পর্যন্ত সারাদেশে প্রায় ৮ হাজার পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। পুলিশের তত্ত্বাবধানে পরিচালিত হাসপাতালগুলোতে উন্নত ও মানসম্মত চিকিত্সাসেবায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
পুলিশ সদস্যদের মধ্যে করোনা সংক্রমণ ঝুঁকি কমাতে আইজিপি ড. বেনজীর আহমেদের নির্দেশে বিভিন্ন ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে আক্রান্ত পুলিশ সদস্যদের জন্য সর্বোত্তম সেবা ও শুশ্রূষা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ভাড়া করাসহ সকল পুলিশ হাসপাতালে উন্নত চিকিত্সা সরঞ্জামাদি সংযোজন করা হয়েছে। এ কারণে একদিকে পুলিশ আক্রান্তের হার যেমন ক্রমান্বয়ে কমছে, তেমনি সুস্থতার হারও দ্রুততার সঙ্গে বাড়ছে।