বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এর করোনা ওয়ার্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাত পৌনে ৮টার দিকে হাসপাতালের বৈদ্যুতিক প্যানেল বোর্ড থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। এসময় সেখানে চিকিত্সাধীন রোগীরা আতংকিত হয়ে দিক-বিদিক ছুটাছুটি শুরু করেন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সরেজমিন দেখা যায় করোনা ওয়ার্ডের রোগীরা অক্সিজেন সহকারে বাইরে দিক-বিদিক ছোটাছুটি করছেন। এসময় তাদের কেউ কেউ সামনের সড়কসহ আশপাশের এলাকায় অবস্থান গ্রহন করেন। বিদ্যুত্ বিভাগের কর্মীরা রাত সোয়া ৯টা পর্যন্ত সেখানে বিদ্যুত্ ব্যবস্থা স্বাভাবিক করতে পারেনি।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন ইত্তেফাককে জানান, করোনা ওয়ার্ডের রোগীদের পানি গরমের জন্য বেশ কিছু হিটার রয়েছে। এক সাথে কয়েকটি হিটার চালু করায় প্যানেল বোর্ডে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনির।
শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, করোনা ওয়ার্ডে ১১১ জন রোগী চিকিত্সাধীন রয়েছেন এবং এদের মধ্যে ৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। রোগীদের গরম পানির জন্য প্রায় শতাধিক হিটার রয়েছে। এক সাথে অনেক হিটার চালু করায় লোড নিতে না পেরে ফিউজ ব্লাস্ট হয়। তবে অগ্নিকান্ডে তেমন কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। রোগীদের ফিরিয়ে এনে চিকিত্সা ব্যবস্থা স্বাভাবিক করা হয়েছে বলে জানান তিনি।