ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন :বোল্টন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন ডোনাল্ড ট্রাম্প। তার সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন এক সাক্ষাত্কারে এই মন্তব্য করেছেন। তিনি নভেম্বরের নির্বাচনে ট্রাম্পকে ভোট দেবেন না বলেও জানিয়েছেন। এদিকে করোনা ভাইরাসের পরীক্ষা নিয়ে সমালোচনার মুখে হোয়াইট হাউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প কৌতুক করে ঐসব মন্তব্য করেছিলেন। খবর বিবিসি ও আল-জাজিরার

রবিবার এবিসি নিউজকে দেওয়া সাক্ষাত্কারে জন বোল্টন বলেন, আমি মনে করি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার যোগ্য নন, এই কাজ চালিয়ে নেওয়ার মতো যোগ্যতা তার নেই। নিজের নতুন বই প্রকাশের আগে এই মন্তব্য করলেন বোল্টন। গত বছরের সেপ্টেম্বরে চাকরিচ্যুত হওয়া বোল্টন বলেন, আমার মনে হয়, এক মেয়াদের প্রেসিডেন্ট হিসেবে ইতিহাস ট্রাম্পকে মনে রাখবে। বোল্টন বলেন, তিনি ট্রাম্প কিংবা ডেমোক্র্যাটের জো বাইডেন কাউকেই ভোট দেবেন না।

প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম নির্বাচনি প্রচারণায় করোনা ভাইরাস পরীক্ষাকে ‘দুই দিকে ধার আছে এমন তলোয়ার’ হিসেবে উল্লেখ করে শনিবার বলেছিলেন, এই টেস্টের কারণেই যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি লোক আক্রান্ত বলে শনাক্ত হচ্ছে। ‘যখন আপনি পরীক্ষা করবেন তখনই আপনি আরো বেশি লোক পাবেন, আরো বেশি আক্রান্ত লোক পাবেন, তাই আমি আমার লোকজনকে বলেছিলাম টেস্টের গতি শ্লথ করে দিতে’, প্রেসিডেন্ট ট্রাম্প ওকলাহামার টাসলায় এক নির্বাচনি সমাবেশে একথা বলেন। পরে প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ থেকে বলা হয়েছে যে তিনি কৌতুক হিসেবে এই মন্তব্য করেছেন।