বন্ধুকে তিন টুকরো করে হত্যা মামলার মূল হোতা গ্রেফতার

রাজধানীর দক্ষিণখানে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় মূলহোতা নিহতের বন্ধু চার্লস রূপম সরকারকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার দিনগত রাতে তাকে গাবতলী এলাকা থেকে গ্রেফতার করা হয়। চার্লস রূপম সরকারকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন। গতকাল তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণখান থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মাহমুদুল হাসান। ।

গত ১৮ জুন রূপমের স্ত্রী মনি সরকার ও শাশুড়ি রাশিদা আক্তারকে গ্রেফতার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে হত্যাকাণ্ডের বিস্তারিত জানতে পারে পুলিশ। রূপমের বন্ধু হেলাল উদ্দিনকে শ্বাসরোধে হত্যার পর তিন টুকরো করে বস্তায় ভরে ঢাকার তিন জায়গায় ফেলে দেওয়ার কথা স্বীকার করে তারা শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

?এ ব্যাপারে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মশিউর বলেন, জিজ্ঞাসাবাদে মনি বলেছে, হেলাল বাসায় যাওয়ার পর তাকে চা খেতে দেওয়া হয়। কিন্তু চায়ের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় রূপম। চা খাওয়ার পর হেলাল অচেতন হয়ে পড়ে। তখন রূপম ও মনি হেলালকে শ্বাসরোধে হত্যা করে মৃতদেহ বাথরুমে নিয়ে যায়। চাকু ও বঁটি দিয়ে তিন টুকরা করে বস্তায় ভরে পরদিন সকালে বিভিন্ন স্থানে ফেলে দেয় রূপম।

হেলালের কাছে বিকাশ ও ফ্লেক্সিলোডের অনেক টাকা রয়েছে এমন ধারণা থেকেই তাকে হত্যার কথা মনি স্বীকার করেছেন বলে জানান উপকমিশনার মশিউর।