মেগা প্রকল্পে মেগা লুটেই সরকারের অগ্রাধিকার :ফখরুল

করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় স্বাস্থ্য খাতের পরিবর্তে সরকার ‘মেগা প্রকল্প’কে অগ্রাধিকার দিচ্ছে বলে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের স্বাস্থ্য খাত সরকারের অগ্রাধিকার নেই। তাদের প্রাধান্য একটাই, তারা মেগা প্রকল্প তৈরি করবে এবং মেগা প্রকল্পে মেগা লুট করবে এবং দুর্নীতির একটা মহোত্সব চালাবে।

গতকাল সোমবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে বিএনপি মহাসচিব এই অভিযোগ করেন। ফখরুল বলেন, ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানটির উদ্ভাবিত কিট এখনো সরকার অনুমোদন দেয়নি। সবকিছুর পেছনে তাদের (সরকার) যে উদ্দেশ্যটা কাজ করেছে বা করছে সেটা হচ্ছে দুর্নীতি। একদলীয় ফ্যাসিস্ট সরকার কখনোই জনগণের কল্যাণের জন্য কাজ করে না। গণতান্ত্রিক একটি সরকার, গণতান্ত্রিক একটা রাষ্ট্র ব্যবস্থাই একমাত্র এই ধরনের মহামারি মোকাবিলা করার উপযুক্ত হতে পারে।

ড্যাবের উদ্যোগে চিকিত্সক ও চিকিত্সক পরিবারকে সহযোগিতার জন্য অ্যাম্বুলেন্স সেবা সার্ভিস, মুমূর্ষু রোগীদের               জন্য অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, প্লাজমা ডোনার তালিকা প্রণয়ন, কোভিড-১৯ আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা কার্যক্রম গ্রহণ উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে বিএনপি মহাসচিব ড্যাবের অ্যাম্বুলেন্স সার্ভিসসহ অন্যান্য কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

মির্জা ফখরুল বলেন, আমাদের স্বাস্থ্যব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে। আমাদের চিকিত্সকদের সুরক্ষা দেওয়ার সুযোগটুকু তারা সৃষ্টি করতে পারেনি। করোনা ভাইরাস নিয়ে তারা সঠিক তথ্যটাও দিচ্ছে না। পরীক্ষা পর্যাপ্ত নয়। আমরা স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি প্যাকেজ দিয়েছি যাতে করে অর্থনীতি ও জীবন বাঁচিয়ে রাখা যায়। কিন্তু দুর্ভাগ্য সরকার সেই বিষয়গুলোতে নজরই দেয়নি।

ড্যাবের সিনিয়র সহসভাপতি ডা. আবদুস সেলিমের পরিচালনায় অনুষ্ঠানে ড্যাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক হারুন আল রশিদ, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সালামসহ চিকিত্সক নেতারা বক্তব্য রাখেন।