মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিষয়ক স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দিচ্ছে আওয়ামী লীগ। এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় গতকাল সোমবার ৩টি বিভাগীয় শহর পর্যায়ে অনলাইন কর্মশালার মাধ্যমে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটি স্বেচ্ছাসেবী প্রশিক্ষণ দিয়েছে। গতকাল রাজশাহী, চট্টগ্রাম এবং খুলনা বিভাগের ১০০ জনকে এই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রধান অতিথি হিসেবে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সচিবালয়ে নিজ দপ্তর থেকে এই কর্মশালা উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর। স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপ-কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর।
অনুষ্ঠানে আজ ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কথা স্মরণ করে তথ্যমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ জনগণের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল। দুর্যোগ-দুর্বিপাকে সর্বদা আমাদের দল মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। আমাদের নেত্রী শেখ হাসিনা মৃত্যুঞ্জয়ী নেত্রী। তিনি সবসময় মৃত্যুকে হাতের মুঠোয় নিয়ে জনগণের সেবা করে গেছেন, সেবা করে যাচ্ছেন, জনগণের অধিকার আদায়ের সংগ্রাম নেতৃত্ব দিয়েছেন এবং বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে আজ বিশ্বের বুকে মর্যাদার আসনে আসীন করেছেন।’ এর আগে ঢাকায় ১০০ জনকে অনলাইনের মাধ্যমে এই ট্রেনিং করানো হয়েছে।
স্বাগত বক্তব্যে আবদুস সবুর বলেন, বিজ্ঞান প্রযুক্তি উপ-কমিটির উদ্যোগে যে ‘জয় বাংলা’ অ্যাপ তৈরি করা হয়েছিল তা আরো উন্নত করে দেশের প্রান্তিক জনগণের কাছে এই অ্যাপের মাধ্যমে টেলিমেডিসিন সেবা পৌঁছে দেওয়ার জন্য তৈরি করা হচ্ছে।