লাদাখের গালোয়ান উপত্যকায় ভারত ও চীনের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঠিক আট দিনের মাথায় আজ রাশিয়া, চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা এক ভার্চুয়াল বৈঠকে মিলিত হচ্ছেন। বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, ভারত ও চীনের মধ্যেকার সংঘাতে রাশিয়া মধ্যস্থর ভূমিকা পালন করতে খুবই আগ্রহী। আর সে কারণেই এই কঠিন পরিস্থিতিতেও তারা এই ত্রিপাক্ষিক বৈঠক বাতিল করেনি। খবর বিবিসির
বস্তুত রাশিয়া-ইন্ডিয়া-চায়না বা আরআইসি ট্রাইল্যাটারালের সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে সেই ২০০২ সাল থেকে। আর চলতি জুন মাসের ২২-২৩ তারিখ নাগাদ সেই জোটের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে প্রথম বৈঠকও হবে বলে আগে থেকেই ঠিক ছিল। কিন্তু গত সপ্তাহে লাদাখের গালোয়ান উপত্যকায় চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হওয়ার পর সেই বৈঠকের ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়ে। তবে আরআইসি জোটের বর্তমান চেয়ার রাশিয়া মনে করছে, এই বৈঠক চীন ও ভারতের মধ্যে উত্তেজনা নিরসনে সহায়ক হতে পারে। ফলে মস্কোর অনুরোধেই শেষ পর্যন্ত দিল্লি এই ভার্চুয়াল বৈঠকে যোগদানের ব্যাপারে সম্মতি দিয়েছে।
ভারত-চীন বিরোধে কী হবে রাশিয়ার ভূমিকা?
আরআইসি একটি ত্রিপাক্ষিক ফোরাম হলেও গালোয়ান সংঘাতের মতো দ্বিপাক্ষিক ইস্যু যে আজকের বৈঠকে এড়ানো হবে না তা অবশ্য পর্যবেক্ষকরা ধরেই নিচ্ছেন। বস্তুত আরআইসি অ্যাক্সিস বা রুশ-চীন-ভারত অক্ষশক্তির সবচেয়ে সরব সমর্থক রাশিয়াই, যাতে এই গোটা অঞ্চলে মার্কিন প্রভাব খর্ব করা যেতে পারে। বর্তমান পরিস্থিতিতে রাশিয়া কি ভারত ও চীনের সংঘাতে নাক গলাতে চাইবে? দিল্লিতে রুশ দূতাবাসের উপ-প্রধান রোমান বাবুশকিন বলেছেন, এলএসির পরিস্থিতি নিয়ে তারা উদ্বিগ্ন হলেও রাশিয়া জানে যে এই ধরনের বিরোধ নিরসনের জন্য ভারত ও চীনের মধ্যে সুনির্দিষ্ট পদ্ধতি আছে। তাছাড়া দুই দেশের মধ্যে নানা স্তরে ও বিশেষ প্রতিনিধিদের মধ্যেও আলোচনার কাঠামো আছে, এমকি দুদেশের শীর্ষ নেতারাও নিয়মিত অনানুষ্ঠানিক সামিটে মিলিত হন। কাজেই রাশিয়া আত্মবিশ্বাসী যে আমাদের দুই বন্ধু দেশ এই বিরোধ নিজেরাই মিটিয়ে ফেলতে পারবে। তবে সেই প্রক্রিয়ায় উত্সাহ দিতে মস্কো সব সময় প্রস্তুত থাকবে! তবে সম্ভাব্য মধ্যস্থতাকারীর ভূমিকা নিয়ে রাশিয়া প্রকাশ্যে খুব একটা সরব হতে রাজি নয় সঙ্গত কারণেই। আরআইসি ফোরামের জন্মলগ্নে যিনি ভারতের পররাষ্ট্র সচিব ছিলেন, সেই কানওয়াল সিবাল মনে করেন রাশিয়ার উদ্দেশ্য নিয়ে বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নেই। সিবাল বিবিসিকে বলছিলেন, রাশিয়া ভীষণভাবে চেয়েছিল এই বৈঠক যাতে ভেস্তে না যায়।