প্রধানমন্ত্রী যেখানে দায়িত্ব দেবেন সেখানেই কাজ করব ------ আ হ ম মুস্তফা কামাল

পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, নতুন সরকারে প্রধানমন্ত্রী যে দায়িত্ব দেবেন তিনি সেই পদেই দেশের জন্য কাজ করে যাবেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সবচেয়ে সফল মানুষ। তার হাত ধরেই আমরা এগিয়ে যাবো। গতকাল বুধবার শেরেবাংলানগরস্থ এনইসি সম্মেলন কক্ষে মূল্যস্ফীতির তথ্য নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন সরকারে প্রধানমন্ত্রী যদি আমাকে মন্ত্রিত্ব নাও দেন তাতেও আমার অভিযোগ থাকবে না। আমি দেশের জন্য সেবা করে যাবো। সম্প্রতি হয়ে যাওয়া সংসদ নির্বাচনের বিষয়ে তিনি বলেন, জনগণ এটা স্পস্ট বুঝেছে, স্বাধীনতার সপক্ষ শক্তির মাধ্যমেই উন্নয়ন সম্ভব। দেশবাসী আমাদের আবারো সেবা করার সুযোগ দিয়েছেন। আগামী পাঁচ বছর আমরা এতটাই উন্নয়ন করবো যে মানুষ কল্পনাই করতে পারবে না। মেগা প্রকল্পগুলো আমরা শুরু করেছিলাম। সরকারের ধারাবাহিকতায় এগুলো শেষ করবো। নতুন সরকারের উন্নয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নতুন সরকারই ঠিক করবে কোন্ প্রকল্প অগ্রাধিকার দেওয়া হবে বা কোন্ প্রকল্প নেওয়া হবে। সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগের সচিব, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।