পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে শাহজাহান আলী (৩৫) নামে এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন। আহতদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল ও রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার গভীর রাতে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত শাহজাহান তেতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন হাকিমপুরের মৃত হাকিমুল ইসলাম ওরফে খোকা মিয়ার ছেলে। গতকাল বুধবার বিকেলে নিহত শাহজাহানের স্ত্রী শিউলি আক্তার তেতুলিয়া মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ মশিয়র রহমান ও হোসেন আলী নামে আবু বক্কর পক্ষের দুইজনকে গ্রেফতার করে।
পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, তেতুলিয়া মাঝিপাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকার আবু বক্কর সিদ্দিক ও বাবুল মাস্টারের মধ্যে ৪২শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পৈতৃক সম্পত্তি দাবি করে আবু বক্কর সিদ্দিক সম্প্রতি ওই জমির উপর ৩টি টিনের ঘর তুলে দখলে নেন। ক্রয় সূত্রে মালিকানা দাবি করে বাবুল মাস্টার দলবল নিয়ে মঙ্গলবার রাতে ঘর ভেঙ্গে দিতে যান। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বাবুল মাস্টারের ভাজতি জামাই শাহজাহান ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় আবু বক্কর সিদ্দিক, ইব্রাহিম, মেহেরুন নেছা, হানিফ, মশিউর ও আবুল হোসেন। মেহেরুন নেছা ও আবুল হোসেনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিত্সার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবু সাঈদ চৌধুরী বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে উভয় পক্ষের সংষর্ষে একজন নিহত হয়েছে। আসামিদের মধ্যে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।