গাইবান্ধা-৩ আসনে আরো চার প্রার্থীর মনোনয়নপত্র জমা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে গতকাল বুধবার নতুন করে আরও চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবর রহমান।

তারা হলেন, জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সদিক, আওয়ামী লীগের ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মাহমুদুল হক ও ডা. ইয়াকুব-উল-আজাদ ও জাতীয় পার্টির (এ) মো. মঞ্জুরুল হক সাচ্চা। এ নিয়ে ওই আসনে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াল ১১ জন।

২০ ডিসেম্বর ওই আসনে ধানের শীষের প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যান। এ কারণে এ আসনে নির্বাচন স্থগিত করে ইসি। ২৩ ডিসেম্বর ইসি পুনঃতফসিল ঘোষণা করে। সে অনুযায়ী গতকাল বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র বাছাই হবে, মনোনয়নপত্র প্রত্যাহার ১০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১১ জানুয়ারি ও ২৭ জানুয়ারি এই আসনের নির্বাচন হবে। এ আসনে অন্য প্রার্থীরা হলেন আওয়ামী লীগের ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টির ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী, জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি, ইসলামী আন্দোলনের মো. হানিফ দেওয়ান, বাম গণতান্ত্রিক জোটের সাদেকুল ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টির মো. মিজানুর রহমান তিতু ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ নিউ।