নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী বাজারে ময়লা ও আবর্জনায় ট্রলার ঘাট সয়লাব হয়ে গেছে। বিভিন্ন স্থান থেকে ট্রলারযোগে এ ঘাটে নেমে ময়লা-আবর্জনার স্তূপ পার হয়ে লোকজনকে বাজারে প্রবেশ করতে হচ্ছে। জানা গেছে, উপজেলার মধ্যে গোপালদী বাজারটি একটি পুরনো এবং সব চাইতে বড় বাজার। এখানে সপ্তাহের প্রতি বৃহস্পতিবার হাট বসে। হাটে নরসিংদী, বি-বাড়িয়া, সোনারগাঁসহ আড়াইহাজারের সব জায়গার মানুষ বিভিন্ন পণ্য কেনাবেচার জন্য এখানে আসেন। প্রতিদিন এ বাজারে কয়েক শত ট্রলার যাতায়াত করে। ট্রলারগুলো মাছ বাজার সংলগ্ন ঘাটে যাত্রী নামায়। কিন্তু বাজারে প্রবেশ করতেই তাদেরকে পার হতে হয় ময়লার স্তূপ। এতে যাত্রীদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
চরদিঘলদীর ট্রলার যাত্রী ডা. নজরুল ইসলাম জানান, তিনি প্রতি বৃহস্পতিবার ট্রলার যোগে গোপালদী হাটে আসেন। ঘাটে নেমে ময়লার স্তূপ পার হয়ে বাজারে প্রবেশ করা খুবই কষ্টের। একই রকম বক্তব্য দেন বিভিন্ন জায়গা থেকে হাটে আসা অন্য ট্রলার যাত্রীরা। এ ব্যাপারে গোপালদীর পৌর মেয়র আলহাজ আঃ হালিম সিকদার বলেন, বাজারটি ইজারাদার মহল পরিচালনা করছে। এ ব্যাপারে তাদের ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।