জয়ে চাপ কমল জুভেন্তাসের

ক্রিশ্চিয়ানো রোনালদো আর পাওলো দিবালার গোলে সিরিআয় নিজেদের ফেরার ম্যাচে বোলোনিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে জুভেন্তাস। এর ফলে দ্বিতীয় স্থানে থাকা ল্যাজিও থেকে এক ম্যাচ বেশি খেলে ব্যবধান তো বাড়িয়েছেই, নিজেদের ওপর জমতে থাকা অজস্র চাপকেও ক্ষণিকের জন্য দূরে সরাতে পেরেছে কোচ মাউরিজিও সারির শিষ্যরা।

সোমবার রাতে জুভেন্তাস শুরু থেকেই গোলের সুযোগ সৃষ্টি করতে থাকে। প্রথম গোলের অপেক্ষাটা অবশ্য শেষ হয় পেনাল্টি থেকেই। ২৩ মিনিটে প্রতিপক্ষ বক্সে ফাউলের শিকার হন জুভেন্তাস ডিফেন্ডার ম্যাথিয়াস ডি লিখট। এরপর পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

সিরিআ শিরোপাধারীরা ব্যবধান বাড়ায় ৩৬ মিনিটে। ফ্রেদেরিকো বার্নাদেস্কির পাস থেকে দারুণ এক বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন দিবালা। প্রথমার্ধে দুই গোল নিয়েই ম্যাচ শেষ করে জুভেন্তাস।

এর ফলে ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রইল দলটি, এক ম্যাচ কম খেলে ৬২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ল্যাজিও। এই জয়ে সমালোচনার তোপ থেকে অন্তত কিছুদিনের জন্য রেহাই মিললো কোচ মাউরিজিও সারির দলের। তবে ইতালিয়ান এই কোচ মনে করেন, ন্যাপোলির কাছে হারের পরে সমালোচনাটা একটু বেশিই পোহাতে হয়েছে তার দলকে। তিনি বলেন, ‘ফুটবল আর জীবনে দুটো ব্যাপার আছে। একটা হচ্ছে মতামত আর অন্যটা হচ্ছে তথ্য। যদি মতামত শোনেন তাহলে আপনার মনে হবে দলটা বুঝি ধ্বংসই হয়ে গেল। কিন্তু তথ্যটা হচ্ছে, আমরা এখনো টেবিলের শীর্ষেই আছি।’

তবে তিনি মনে করেন সমালোচনাই দলকে নিজেদের ছন্দে ফেরাতে সাহায্য করবে, ‘সমালোচনাটা একটু বেশিই হয়েছে। আর আমি মনে করি শারীরিকভাবের চেয়েও বেশি, মানসিকভাবেও কক্ষপথে ফিরতে এটা আমাদের সাহায্য করতে পারে, যা কিছুটা হলেও সাহায্য করবে।’

ন্যাপোলি ম্যাচে দলের শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সারি। সে অবস্থা থেকে কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। বললেন, শারীরিকভাবে আমরা আরো তীক্ষ ছিলাম। গতি আর ছন্দটা ৭০ মিনিট পর্যন্ত ধরে রাখতে পারছিলাম। কোপা ম্যাচে যেখানে ২০-৩০ মিনিট পরই সেটা উধাও হয়ে গিয়েছিল।’