ম্যানচেস্টার সিটি প্রিমিয়ার লিগে নিজেদের ফেরার ম্যাচে বার্নলির বিপক্ষে ৫-০ ব্যবধানের বড়ো জয় পেয়েছে। তবে এরপরও সার্জিও আগুয়েরোর চোট খুব একটা স্বস্তিতে থাকতে দিচ্ছে না কোচ পেপ গার্দিওলাকে। সোমবার রাতে নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে গোল উত্সবের শুরুটা হয় ২৩ মিনিটে ফিল ফোডেনের লক্ষ্যভেদ দিয়ে। ৪৩ মিনিটে ব্যবধান বাড়ান রিয়াদ মাহরেজ।
তবে বিপত্তিটা বাধে বিরতির ঠিক আগে। প্রতিপক্ষের বিপত্সীমায় ফাউলের শিকার হন চলতি প্রিমিয়ার লিগ মৌসুমের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা আগুয়েরো। এরপরই মাঠ ছাড়েন তিনি। পেনাল্টি থেকে ব্যক্তিগত দ্বিতীয় গোলের দেখা পান মাহরেজ। ৫১ আর ৬৩ মিনিটে বাকি দুটো গোল আসে ডেভিড সিলভা আর ফোডেনের পা থেকে। আগের দিন লিভারপুলের গোলশূন্য ড্রয়ের পর গতকাল সিটির এই জয় দল দুটোর পয়েন্ট ব্যবধান নামিয়ে এনেছে ২০-এ। এর ফলে লিভারপুলের শিরোপার অপেক্ষা বাড়ল অন্তত আরো এক ম্যাচের জন্য। তবে এসব ছাপিয়ে আপাতত গার্দিওলাকে ভাবাচ্ছে আগুয়েরোর চোট। ম্যাচের প্রতিক্রিয়ায় স্প্যানিশ কোচ বলেন, ‘আমি চিকিত্সক নই, তবে এটা মোটেও ভালো ঠেকছে না।’বেশ কয়দিন ধরেই হাঁটুর অস্বস্তি ভোগাচ্ছিল আর্জেন্টাইন তারকাকে। সেটাই বার্নলি ম্যাচে আবারও ফিরে এসেছে বলে জানিয়েছেন গার্দিওলা, ‘তার হাঁটুতে অস্বস্তি ছিল। গত মাসেও সে এতে ভুগছিল। হাঁটুতে সামান্য ব্যথা আছে তার, তাই আমাদের অপেক্ষা করতে হবে।’