কথা রেখেছেন ভেট্টোরি

করোনাকালীন সময়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা দেশের দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। ক্রিকেটারদের পাশাপাশি জাতীয় দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টোরিও এগিয়ে আসেন অর্থ সাহায্য নিয়ে। নিউজিল্যান্ডের এই সাবেক অধিনায়ক নিজের বেতনের কিছু অংশ বিসিবির অসচ্ছল কর্মীদের দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনই বিষয়টি নিশ্চিত করেছিলেন।

কথা রেখেছেন ভেট্টোরি। জানা গেছে, সম্প্রতি বিসিবির সবচেয়ে মোটা বেতনের বিদেশি এই কোচ বিসিবির স্বল্প আয়ের কর্মীদের জন্য ৫ হাজার ডলার দিয়েছেন। টাকার অঙ্কে যার পরিমাণ ৪ লাখ। এই অর্থ বন্টন করা হয়েছে বিসিবির ১৩৫ কর্মীর মাঝে। বিসিবির সঙ্গে দৈনিকভিত্তিতে চুক্তিতে রয়েছেন ভেট্টোরি। বছরে ১০০ দিন কর্মদিবসের হিসেবে বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ আছেন সাবেক এই বাঁহাতি স্পিনার। কর কেটে নেওয়ার পরও তার দৈনিক পারিশ্রমিক আড়াই হাজার ডলার।