প্রণোদনার সুবিধা পাচ্ছে না ক্ষুদ্র উদ্যোক্তারা

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়ের ধরন ও মূলধনে বিশাল ব্যবধান। কিন্তু উভয়ের জন্য একই নীতিমালা থাকায় কার্যত অপেক্ষাকৃত ছোটো উদ্যোক্তারা এসব ঋণ সুবিধার শর্ত পূরণ করতে পারেন না। ফলে তারা ঋণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এ পরিস্থিতিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের আলাদা করে তাদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সহনীয় শর্ত দেওয়ার দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা।

একই সঙ্গে এ সুবিধা বাস্তবায়নের ক্ষেত্রে এ সম্পর্কিত উদ্যোক্তাদের বিষয়ে বিশ্বাসযোগ্য কোনো তথ্যভান্ডার না থাকা, প্রণোদনা বাস্তবায়নের সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সমন্বয়ের ঘাটতি, ব্যাংকগুলোর অসহযোগিতা, প্রণোদনা বাস্তবায়নে ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোকে অন্তর্ভুক্ত না করার মতো চ্যালেঞ্জ তুলে ধরেছেন তারা। গতকাল মঙ্গলবার ‘কোভিড-১৯ অর্থনৈতিক সংকট এবং বাংলাদেশের এসএমই শিল্পখাত’ শীর্ষক এক ভার্চুয়াল সংলাপে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। দেশের প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন ও অর্থনীতিবিদদের সমন্বয়ে গঠিত প্ল্যাটফর্ম রিসারজেন্ট বাংলাদেশ ঐ সংলাপের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এ সমস্যা সমাধানে দ্রুত তথ্যভান্ডার তৈরির আশ্বাস দেন। তিনি বলেন, তথ্যভান্ডার তৈরি করতে পারলে প্রকৃত চিত্র পাওয়া যাবে। অর্থনীতিবিদ ও পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজের সঞ্চালনায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিল্ডের প্রধান নির্বাহী (সিইও) ফেরদৌস আরা।

আলোচনায় অংশ নিয়ে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি ব্যারিস্টার নিহাদ কবীর ক্ষুদ্র ও মাঝারি— আলাদাভাবে ভাগ করে ভিন্ন নীতিমালা ও সুদের হার ঠিক করে দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্যথায় তারা এ সুবিধা নিতে পারবে না। বাংলাদেশ উন্নয়ন গবেষণা পরিষদের (বিআইডিএস) সিনিয়র রিসার্স ফেলো ড. মঞ্জুর ইসলাম বলেন, প্রণোদনা প্যাকেজ সঠিকভাবে ঘোষিত হলেও বাস্তবায়ন ভুল উপায়ে হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ব্যাংকভিত্তিক এই মডেলে বাস্তবায়ন সম্ভব নয়। বরং এতে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকে যুক্ত করতে হবে।

মূল প্রবন্ধে জাতীয়ভাবে একটি সমন্বয় কমিটি করা, শক্তিশালী তথ্যভান্ডার করা এবং আলাদা নীতিমালার করার ওপর জোর দেন ফেরদৌস আরা। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিল্ডের চেয়ারম্যান আবুল কাশেম খান, ডিসিসিআইর সাবেক সভাপতি আফিস ইব্রাহিম, এসএমই ফাউন্ডেশনের এমডি শফিকুল ইসলাম, পিকেএসএফয়ের এমডি আব্দুল করিম, ডিসিসিআইর সভাপতি শামস মাহমুদ, এসএমই উদ্যোক্তা রাশেদুল করিম মুন্না, কহিনূর ইয়াসমিন ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাধারণ সম্পাদক এস এম রাশিদুল ইসলাম প্রমুখ।