ঢাক পিটিয়ে চেঁচিয়ে জোরে বৃথাই ওদের খোঁজা,
বর্ষা এলে বাড়ে ওরা, বিনাশটা নয় সোজা।
হাজার তিরস্কারেও ওরা নেয় না কথা কানে,
ইচ্ছেমতো ছুটতে থাকে রক্ত চোষার টানে।
ছিটিয়ে ওষুধ জ্বালিয়ে কয়েল রোধ করা দায় গতি,
ওদের দ্বারা লাভ কিছু নেই, শুধুই দেদার ক্ষতি।
সব চেষ্টা বিফলই হয় ধরতে গেলে ফাঁদে,
ওদের দেখা মিলছে এখন ফুলের টবে, ছাদে।
বস্তি-কুঁড়ে-দালান সবই ওদের ভীষণ চেনা,
বিত্তবান ও বিত্তহীনে ভয় করে তার কে না?
ওদের দাপট খুব ভয়ানক উড়ছে দলে দলে,
লার্ভা ছেড়ে বংশ বাড়ায় স্বচ্ছ তরল জলে।
ওদের নিয়েই আলোচনা, হয়ও নিয়ম-নীতি,
করোনাতে ডেঙ্গু আবার আনছে ডেকে ভীতি।
ওদের নিধন পদ্ধতি ফের চলছে মাজাঘষা,
মনে রাখতে হবে এডিস সর্বনাশা মশা।