ফতুল্লার কুতুবপুরে ককটেল বিস্ফোরণে তিন শিশু আহত হয়েছে। গতকাল বুধবার সকালে কুতুবপুর ইউনিয়নের পশ্চিম রসূলপুর এলাকায় আবদুল মান্নানের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত শিশুরা হলো— ওই বাড়ির ভাড়াটিয়া দিনমজুর টিটু মিয়ার দুই ছেলে আসিফ (৫) ও আরিফ (৩) এবং একই বাড়ির ভাড়াটিয়া রোলিং মিলের সিকিউরিটি গার্ড আবুল হোসেনের মেয়ে আঁখি (১২)।
বাড়িওয়ালা আবদুল মান্নান জানান, বাড়ির পাশে একটি ময়লার স্তূপ থেকে ক্রিকেট বলের মতো দেখতে চারটি বল কুড়িয়ে নিয়ে আসে তিন শিশু। এরপর ঘরের ভেতরেই খেলার সময় একটি বিস্ফোরণ ঘটে। এতে আঁখির মুখ এবং অপর দুই শিশুর শরীর ও হাত-পা পুড়ে যায়। তাদের পরিবারসহ আশপাশের লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফতুল্লা থানা পুলিশ জানায়, ময়লার ভাগাড় থেকে বল মনে করে ঐ তিন শিশু চারটি ককটেল বাসায় নিয়ে গিয়ে খেলতে থাকে। খেলার একপর্যায়ে একটি ককটেল বিস্ফোরিত হয়। এতে তিন শিশু আহত হয়। ঘটনা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. মঞ্জুর কাদের বলেন, ঘটনাস্থল হতে ৩টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। আহতের ঢাকা মেডিক্যাল হাসপাতালে পাঠানো হয়েছে।