কুড়িগ্রাম জেলা শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে ১০.৫৬ বর্গমাইল জায়গা জুড়ে উলিপুর পৌরসভার অবস্থান। জেলার তিনটি পৌরসভার একটি এই উলিপুর। নামে পৌরসভা হলেও কাজে ইউনিয়ন পরিষদের চেয়েও খারাপ। ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত এই পৌরসভায় এখনো তেমন উন্নয়ন দেখেনি উলিপুরের মানুষ। এখানে নেই একটি শিশুপার্ক, নেই পাবলিক লাইব্রেরি এমনকি মানুষের নিত্য ব্যবহার্য পাবলিক টয়লেট পর্যন্ত। জীবন হাতে নিয়ে রাস্তায় চলাফেরা করতে হয়। এখানকার ৯টি ওয়ার্ডের প্রায় সবকটি এলাকার রাস্তা দীর্ঘদিন থেকে উন্নয়নের ছোঁয়া বঞ্চিত। পৌরসভার অনেক জায়গায় ব্রিজ, কালভার্ট ভাঙা। বিশেষ করে রাস্তার পাশে বড়ো বড়ো পুকুর খনন করায় অনেক জায়গায় রাস্তা ভেঙে তা মরণফাঁদে পরিণত হয়েছে। বেশ কয়েকবার ব্যাটারিচালিত অটোরিকশা উলটে গিয়ে অনেকেই আহত হয়েছেন। তবু রাস্তাটিই ব্যবহার করতে হচ্ছে আমাদের। সংশ্লিষ্ট অনেককেই সরাসরি এই অভিযোগগুলো জানিয়ে বারবার হতাশ হতে হয়েছে। আমরা উলিপুর পৌরবাসী সার্বিক বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
মোর্শেদ শফিকুন্নবী বাইজিদ
উলিপুর, কুড়িগ্রাম