গেল বছরে আড়াইহাজারে ৪১৪ মামলা

গেল বছরে আড়াইহাজার থানায় মোট  ৪১৪টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল পরকীয়ার জেরে নিজ ছেলেকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাটি।

আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, ২০১৮ সালে আড়াইহাজার থানায় বিভিন্ন অপরাধের কারণে মোট ৪১৪টি মামলা রুজু করা হয়েছে। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি ৪টি, মাদক উদ্ধারের মামলা ২০৬টি, খুন ১৫টি, অন্যান্য ১১৪টি, অপহরণ ৫টি, ধর্ষণ ১০টি, সড়ক দুর্ঘটনা ৯টি, চুরি ১৫টি, তথ্য ও প্রযুক্তি আইনে ১টি, নারী ও শিশু নির্যাতন ১৫টি, চোরাচালান ১টি, দস্যুতা ২টি, পুলিশ আক্রান্ত ১টি, অস্ত্র আইনে ৩টি, গণধর্ষণ ২টি, বিশেষ ক্ষমতা আইনে  ৪টি , প্রতারণা ৩টি, সিধেল চুরি ২টি ও অবহেলা জনিত কারণে মৃত্যু ১টি। এর মধ্যে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল পরকীয়ার জেরে নিজ ছেলেকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনাটি।

জানা গেছে, ২০১৮ সালের ১৩ এপ্রিল ভোরে উপজেলার বারৈইপাড়া গ্রামের বিল্লাল মিয়ার ছেলে লিবিয়া প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে প্রায় ১০ বছর আগে শেফালী আক্তারের বিয়ে হয়। তাদের সংসারে দুটি ছেলে আছে। তবে ৫ বছর আগে স্বামী আনোয়ার হোসেন কাজের জন্য লিবিয়া চলে যান।

এসময় পাশের বাড়ির বিল্লাল হোসেনের ছেলে মোমেন মিয়ার (৩৫) সঙ্গে সম্পর্ক গড়ে উঠে শেফালী আক্তারের। বিষয়টি তাদের পরিবারে জানাজানি হলে উভয়কে অপমান করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার রাতে শেফালীর ঘরে প্রবেশ করে মোমেন মিয়া। ওইসময় দুই ছেলে তাদের দেখে ফেলে। পরে রাতেই ঘুমন্ত অবস্থায় দুই শিশুর বিছানায় আগুন দিয়ে দেওয়া হয়। পরে শিশুদের চিত্কারে আশেপাশে লোকজন এসে দুই শিশুকে উদ্ধার করে। তবে এর মধ্যে বড় ছেলে হূদয় (৯) ঘটনাস্থলেই মারা যায়। ছোট ছেলে জিহাদকে (৭) অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।  পরে স্থানীয়রা শেফালী আক্তারকে আটক করে পুলিশে দেয়।