আমলাপাড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে জখম

শহরের আমলাপাড়ায় একটি ফ্ল্যাট বাসায় স্বেচ্ছাসেবক দল নেতা রাসেল আহমেদকে (৩০) কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় আমলাপাড়া কে সাহা বাই লেন সড়কের নিজাম উদ্দিনের ৫তলা ভবনের ৩য় তলায় ওই ঘটনা ঘটে। পরে স্বজনেরা আহত রাসেলকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত রাসেল আহমেদ ফতুল্লার বিসিকের মার্টিন গার্মেন্ট এলাকার গুল মুহাম্মদের ছেলে।

সম্প্রতি রাজধানীতে একটি মিছিলে যাওয়ার সময়ে ফতুল্লা থানা পুলিশ রাসেলসহ ৪৯জনকে গ্রেফতার করেছিল। প্রায় এক মাস রাসেল কারাভোগও করেন। তিনি মূলত জেলা স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারী মাহাবুবুর রহমানের অনুগামী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় ৪ থেকে ৫জন দুর্বৃত্ত মিলে তার বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহরের ৩০০ শয্যা হাসপাতালে নেওয়া হলে সেখানকার ডাক্তার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। জরুরী বিভাগের ডাক্তারের বরাত দিয়ে তিনি আরো জানান, আহতের মাথায়, ঘাড়ে ও পিঠে ধারালো অস্ত্র দিয়ে একাধিক আঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

রাসেলের বাবা গুল মোহাম্মদ জানান, কি কারণে কারা রাসেলকে মারধর করেছে সেটা নিশ্চিত হতে পারেনি। নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক মিজানুর রহমান জানান, প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে- পরকীয়ার জের ধরে ওই যুবককে কুপিয়ে আহত করা হয়েছে। তবে বিষয়টির তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।