বরিশাল রেড জোনের দুটি ওয়ার্ড লকডাউনের সিদ্ধান্ত স্থগিত

বরিশাল বিভাগের সবচেয়ে বেশি করোনা সংক্রমিত রেড জোন হিসেবে চিহ্নিত বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) এলাকার দুটি ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে মঙ্গলবার থেকে লকডাউন হওয়ার কথা থাকলেও তা আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করে সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুল মতিন জানান, জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটির প্রজ্ঞাপন জারি না করায় আপাতত লকডাউন কার্যকর করা হচ্ছে না। তবে ছুটির প্রজ্ঞাপনের পরপরই তা কার্যকর করা হবে। এর আগে সোমবার দিনভর ঐ দুটি ওয়ার্ডে মঙ্গলবার থেকে লকডাউন কার্যকর করার জন্য জনগণকে সচেতন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে ব্যাপক মাইকিং করা হয়েছিল।

বিসিসি সূত্রে জানা গেছে, নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে ২৭টি ওয়ার্ড রেড জোনের আওতায়। প্রথম ধাপে নগরীর ১২ ও ২৪ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার থেকে লকডাউন শুরুর প্রস্তুতি হিসেবে সোমবার ঐ দুটি ওয়ার্ডে মাইকিং করা হয়। কাউন্সিলরদের নেতৃত্বে গঠন করা হয় লকডাউন বাস্তবায়ন কমিটি। তবে সরকারিভাবে প্রজ্ঞাপন জারি না হওয়ায় মধ্য রাতে স্থগিত করা হয় ঐ দুটি ওয়ার্ডের লকডাউন।

বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৩ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭৫ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২১৪ জন। এছাড়া করোনা উপসর্গে এক জনের মৃত্যু হয়েছে।

জেলায় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২০ জনের। সবশেষ খবর অনুযায়ী বরিশাল জেলা ও মহানগরীতে করোনা আক্রান্তের মধ্যে বরিশাল সিটি করপোরেশনে আক্রান্ত সর্বোচ্চ ৯৮৩ জন।