বগুড়ায় দিনে দুপুরে যুবলীগ নেতা তালেব হত্যার প্রধান আসামি ফিরোজ ওরফে ফোকরাকে গ্রেফতার করেছে র্যাব-১২ বগুড়ার সদস্যরা। সোমবার নওগাঁ জেলার বদলগাছী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার র্যাব-১২ বগুড়া ক্যাম্প এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১২ বগুড়ার স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে সোমবার নওগাঁর বদলগাছী উপজেলা থেকে ফিরোজকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফিরোজ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। ফিরোজকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। জিজ্ঞাসাবাদে ফিরোজের দেওয়া তথ্যে বগুড়া সদরের মাটিডালি-বনানী দ্বিতীয় বাইপাস সড়কের পূর্ব পাশের কর্ণপুর এলাকায় র্যাবের দল গিয়ে একটি জঙ্গলের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহূত অস্ত্র উদ্ধার করে। এ সময় একটি চাকু, একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, দুটি মোবাইল এবং তিনটি সিমকার্ড জব্দ করে র্যাব।