নষ্ট বলে ল্যাব থেকে পিরোজপুরে ফেরত এসেছে করোনা পরীক্ষার ৫৬টি নমুনা

করোনা পরীক্ষার জন্য পিরোজপুর জেলা থেকে বরিশালের পিসিআর ল্যাবে পাঠানো অর্ধশতাধিক নমুনা পরীক্ষা ছাড়াই ল্যাব কর্তৃপক্ষ ফেরত পাঠিয়েছে। নমুনাগুলোকে রিজেক্টেড দেখিয়ে গত সোমবার ফেরত পাঠানো হয়। পিরোজপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ১৬ জুন পরীক্ষার জন্য পিরোজপুর থেকে ৫৬ টি নমুনা সংগ্রহ করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়েছিল। সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিশির রঞ্জন অধিকারী জানান, সদর উপজেলাসহ অন্যান্য উপজেলার মোট ৫৬টি নমুনাই সংরক্ষণের অভাবে নষ্ট বলে ফেরত দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান, যেসব ব্যক্তির নমুনা ফেরত এসেছে তা পুনরায় সংগ্রহ করে পাঠানো হবে।

এখন পর্যন্ত পিরোজপুরের সাতটি উপজেলায় ১৪৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। তবে এদের মধ্য থেকে সুস্থ হয়েছেন ৯৬ জন। আর পরীক্ষার জন্য পিরোজপুর থেকে ২ হাজার ৭৭ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। তবে এখনো ৭৪৬টি রিপোর্ট পেন্ডিং রয়েছে।