৭১ বছর ধরে জনগণের পাশে আওয়ামী লীগ :তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘আওয়ামী লীগ একটি স্ফুলিঙ্গের নাম। আওয়ামী লীগ শুধু ক্ষমতায় থেকে জনগণের কল্যাণ করেছে তা নয়, ৭১ বছরের পথচলায় বেশির ভাগ সময়ই দলটি ক্ষমতায় ছিল না, তখনও আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়েছে, জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দিয়েছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর রোডে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে দিবসটি উপলক্ষ্যে প্রতিক্রিয়া ব্যক্ত করার সময় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ‘১৯৪৯ সালের এই দিনে প্রতিষ্ঠিত আওয়ামী লীগ গণমানুষের মধ্য থেকে গড়ে ওঠা একটি দল এবং বাংলাদেশের সমস্ত অর্জনের সঙ্গে আওয়ামী লীগের নাম জড়িয়ে আছে। আর সবচেয়ে বড়ো অর্জন বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জাতিরাষ্ট্র প্রতিষ্ঠা করা।

‘বঙ্গবন্ধুকে যদি স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় সপরিবারে হত্যা করা না হতো, কয়েক দশক আগেই আমরা দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়ার চেয়ে অনেক উন্নত রাষ্ট্র থাকতে পারতাম’ উল্লেখ করে ড. হাছান বলেন, ‘আজকে বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নপূরণের পথে অদ্যম গতিতে এগিয়ে চলেছে।’

আওয়ামী লীগের সামনে কী চ্যালেঞ্জ রয়েছে এ প্রশ্নের উত্তরে ড. হাছান বলেন, ‘গত ৭১ বছর ধরে আওয়ামী লীগ চ্যালেঞ্জ মোকাবিলা করেই এগিয়ে এসেছে। এটি দুঃখজনক যে, স্বাধীনতার প্রায় ৫০ বছর পর এখনো আমাদেরকে স্বাধীনতার পক্ষের ও বিপক্ষের শক্তি নিয়ে কথা বলতে হয়। একটি রাজনৈতিক দল বিএনপি এখনো তাদের সহযোগী স্বাধীনতার বিপক্ষের শক্তি জামায়াতে ইসলামীর পৃষ্ঠপোষকতা করে।’

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বের কারণে

করোনায় মৃত্যু কম’

এদিকে, গতকাল সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে করোনা ভাইরাসে বাংলাদেশে মৃত্যুর হার কম। করোনা ভাইরাসের ফলে পৃথিবীতে যে কয়টি দেশে মৃত্যুর হার কম তার মধ্যে বাংলাদেশের অবস্থান। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার সারা পৃথিবীর উন্নত দেশগুলোর চেয়ে কম তো বটেই, ভারত-পাকিস্তানের চেয়েও কম।