গোমতীর ভাঙন থেকে গৌরীপুর-লালপুর সড়ক রক্ষায় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

গোমতী নদীর ভাঙন থেকে গৌরীপুর-লালপুর সড়ক রক্ষার জন্য এলজিইডিকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান। সম্প্রতি ঐ এলাকা পরিদর্শন শেষে তিনি এ নির্দেশ দেন।

দাউদকান্দি উপজেলার চরমাহমুদ্দী পাঁচানী এবং দাউদকান্দি পৌরসভার নূরপুর গ্রাম হয়ে তিতাস উপজেলার লালপুর বাজার পর্যন্ত এলজিইডির যে রাস্তাটি গেছে তা গৌরীপুর বাজারের পশ্চিম পাশে চরমাহমুদ্দী পাঁচানী গ্রামের কাছে দুটি জায়গায় গোমতী নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন এলাকা পরিদর্শন শেষে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি রক্ষায় দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা এলজিইডিকে নির্দেশ দিয়ে বলেন, যে কোনো মূল্যে নদীর ভাঙন রোধ করে ঐ রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে হবে।

এদিকে উপজেলা প্রকৌশলী আহসান আলী মঙ্গলবার ভাঙন এলাকা পরিদর্শন করেন এবং রাস্তাটি রক্ষায় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান।