আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, সাত দশক ধরে সংকটে মানুষের পাশে থেকে আওয়ামী লীগ আস্থা অর্জন করেছে। প্রাকৃতিক দুর্যোগ কিংবা দেশের যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আওয়ামী লীগের ঐতিহ্য। গতকাল মঙ্গলবার বাংলাদেশ আওয়ামী লীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের অবিনাশী চেতনা ধারণ করে সাম্প্রদায়িক বিষবৃক্ষের মূলোত্পাটন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণই আওয়ামী লীগের অঙ্গীকার।
দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দেশের জনগণ, আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের গৌরবময় সাত দশকের ইতিহাস বাংলাদেশেরই ইতিহাস। এদেশের প্রতিটি গৌরবময় অর্জন আওয়ামী লীগের হাত ধরেই। আমাদের ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ধারাবাহিক আন্দোলনের পথ বেয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা—বাঙালি জাতি ও আওয়ামী লীগের সর্বশ্রেষ্ঠ অর্জন। বঙ্গবন্ধুকে রাজনৈতিক মুক্তির রোল মডেল এবং তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থনৈতিক মুক্তির রোল মডেল উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ইতিহাসের নানান চড়াই-উতরাই পেরিয়ে, সংকটের পাহাড় মাড়িয়ে, জীবন ঘনিষ্ঠ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে মাটি ও মানুষের দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের অন্তরে জায়গা করে নিয়েছে। তিনি বলেন, দেশের প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ আজ গণমানুষের আস্থার ঠিকানা, প্রত্যাশার বাতিঘর। শেখ হাসিনার নেতৃত্বে বার বার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া তারই অনন্য নজির।
অতীতের যে কোনো সময়ের চেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এখন অধিকতর সংগঠিত, শক্তিশালী উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীরা নিবেদিত প্রাণ, সজাগ এবং দলের ইশতেহার বাস্তবায়নে দলের সুশৃঙ্খল কর্মীরা প্রতিশ্রুতিশীল, ঐক্যবদ্ধ।