বরিশালের এয়ারপোর্ট থানাধীন চাঁদপাশা বকশিরচর এলাকায় এক অসহায় পরিবারের জমি দখল করে ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হলেও ভুক্তভোগীরা ভুগছেন নিরাপত্তাহীনতায়।
অভিযোগে জানা গেছে, চাঁদপাশা বকশিরচর এলাকায় স্বামী পক্ষাঘাতগ্রস্ত হওয়ায় প্রতিবেশীরা শাহনাজ পারভীন রানীর জমি দখলের পাঁয়তারা শুরু করে। গত ১৮ জুন ভোরে আসামিপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে ঐ জমির মালিকানা দাবি করে বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে ঘর নির্মাণের কাজ শুরু করে। এতে শাহনাজ পারভীন ও তার মেয়ে বাধা প্রদান করলে তাদের ওপর শারীরিক নির্যাতন ও গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এ সময় পারভীন ৯৯৯-এ ফোন করে অভিযোগ করলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘর নির্মাণে বাধা দিলেও পুলিশ চলে যাওয়ার পর আবার তারা ঘর নির্মাণ করতে থাকে। পরে নির্মাণকাজ বন্ধ এবং কাগজপত্রাদি নিয়ে বৈঠকের কথা জানানো হলেও তাতে কর্ণপাত করেনি। পরে পুলিশের ঊর্ধ্বতনদের হস্তক্ষেপে ২০ জুন মামলা হলেও আসামিরা প্রকাশ্যে শাহনাজ পারভীন রানী ও তার মেয়েকে হত্যার হুমকি দিচ্ছে। এতে মা-মেয়ে চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে অভিযোগ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আসামিদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। শিগগিরই তদন্তপূর্বক চার্জশিট আদালতে দাখিল করা হবে।