সেনা সদস্যদের জন্য আস্থা লাইফ ইন্সুরেন্সের যাত্রা শুরু

যাত্রা শুরু করেছে আস্থা লাইফ ইন্সুরেন্স আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট -এর সদ্য প্রতিষ্ঠিত একটি জীবন বিমা কোম্পানি। গতকাল মঙ্গলবার এই কোম্পানির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ । একই সাথে তিনি আস্থা  লাইফ ইন্সুরেন্সের একটি বিমা পলিসির প্রথম গ্রাহক হিসেবে নিবন্ধিত হন।

বাংলাদেশ সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক সদস্য নানা ধরনের ঝুঁকিপূর্ণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে গুরুতর আহত এমনকি মৃত্যুবরণও করেছেন। প্রচলিত বিমা ব্যবস্থায় এই ঝুঁকিপূর্ণ কার্যক্রমে নিয়োজিত সদস্যদের জীবন বিমার আওতায় নেওয়ার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। এ অবস্থা নিরসনে উল্লেখিত ঝুঁকিপূর্ণ কার্যক্রমে নিয়োজিত সামরিক ও আধা সামরিক বাহিনীর সদস্যদের এবং তাদের পরিবারবর্গের আর্থিক নিরাপত্তার পাশাপাশি সাধারণ জনগণের ভবিষ্যত্ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর্মি ওয়েলফেয়ার ট্রাস্টকে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রতিষ্ঠার অনুমোদন দিয়েছেন।

সেনাবাহিনী প্রধান বিমা শিল্পের উন্নয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে আস্থা লাইফ ইন্সুরেন্স কোম্পানি প্রতিষ্ঠার অনুমোদন প্রদানের জন্য প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়াও তিনি এ প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতা প্রদান করার জন্য আই ডি আর এ কেও আন্তরিক ধন্যবাদ জানান। -আইএসপিআর