মানব পাচারে এমপির অভিযুক্ত হওয়া রাজনৈতিক দুর্বৃত্তায়নের দৃষ্টান্ত --------------------টিআইবি

মানব পাচার ও অর্থ পাচারের মতো আন্তর্জাতিক অপরাধ ও দুর্নীতির ঘটনায় কুয়েতে বাংলাদেশি সংসদ সদস্যের অভিযুক্ত হওয়াকে দেশের রাজনীতি ও জনপ্রতিনিধিত্বে দুর্বৃত্তায়নের একটি অসম্মানজনক দৃষ্টান্ত বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে সংস্থাটি সংসদের মর্যাদার স্বার্থে দ্রুত কার্যকর তদন্ত ও আইনি পদক্ষেপ নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশন (দুদক) ও জাতীয় সংসদের প্রতি দাবি জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই ন্যক্কারজনক ঘটনা দেশের রাজনীতিতে দুর্বৃত্তায়নের একটি দুঃখজনক দৃষ্টান্ত। প্রথম থেকেই সরকার, জাতীয় সংসদ, দুদক, ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট, রাজস্ব কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা এই অভিযোগের ব্যাপারে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। উলটো দায়মুক্তির চেষ্টার লক্ষণ দেখা গেছে।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, মানব পাচারের মতো গুরুতর অভিযোগ নিয়ে কুয়েতের সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এই অভিযোগ ভিত্তিহীন বলে লিখিত প্রতিবেদন দিয়েছেন, যা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর সরকার ও দুদকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতেই আশ্বস্ত থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেছে। জাতীয় সংসদের পক্ষ থেকেও কোনো উদ্যোগের কথা জানা যায়নি। দেশের সুনাম আর হাজার হাজার প্রবাসী শ্রমিকের কর্মসংস্থানের ভবিষ্যত্ যেখানে জড়িয়ে আছে, সেখানে সরকারের এ ধরনের উদাসীনতা লজ্জার ও আশঙ্কার।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, অতীতে কোনো রকম রাজনৈতিক কর্মকাণ্ড জড়িত না থেকেই ক্ষমতাসীন দলের প্রত্যক্ষ সমর্থন নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন অভিযুক্ত সংসদ সদস্য। এরপর একরকম অভূতপূর্বভাবে তার স্ত্রীও সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে আসেন।