একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ দিকে গতকাল বুধবার একইদিনে কানাডা এক বিবৃতিতে বলেছে, নির্বাচনে দশ কোটি ভোটারের অংশগ্রহণ শক্তিশালী গণতন্ত্রের উদাহরণ। দেশটি শেখ হাসিনার সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে আগ্রহী।
এক শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে প্রেসিডেন্ট রুহানি বলেন, সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এ সাফল্যকে সম্ভবপর করেছে এবং এতে আপনার নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রকাশ ঘটেছে। ইরান ও বাংলাদেশের মধ্যকার ধর্মীয় ও সাংস্কৃতিক বন্ধনের বিষয়টি উল্লেখ করে রুহানি বলেন, মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে। হাসান রুহানি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের মানুষের কল্যাণ ও সাফল্য কামনা করেন।
এ দিকে কানাডা এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সঙ্গে পারস্পরিক স্বার্থ বজায় রেখে কাজ করবে। কানাডা নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণকে স্বাগত জানিয়ে সুষ্ঠু নির্বাচন, স্বাধীন ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং মিডিয়ার স্বাধীনতার ওপর গুরুত্বারোপ করেছে। দেশটি নির্বাচনী অনিয়মের সুষ্ঠু তদন্ত দাবি করে সরকারকে আইনসঙ্গত ও শান্তিপূর্ণ আচরণের আহবান জানিয়েছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতিদানের ক্ষেত্রে কানাডা প্রথমসারির দেশ।