কালিয়াকৈরে পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিক অসন্তোষ

গাজীপুরের কালিয়াকৈরে সানচেরী নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের বেতন না দিয়ে বন্ধ ঘোষণা করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। এতে মহাসড়কের উভয় পার্শ্বে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, উপজেলার চান্দরা পল্লীবিদ্যুত্ জোড়াপাম্প এলাকায় প্রতিষ্ঠিত সানচেরী নামে একটি পোশাক কারখানার শ্রমিকদের মাসিক বেতন না দিয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে কারখানার গেটে নোটিশ ঝুলিয়ে দেন। মঙ্গলবার সকালে শ্রমিকরা ডিউটি করতে এসে কারখানা বন্ধের নোটিশ দেখে বিক্ষুব্ধ হয়ে উঠে।

কালিয়াকৈর থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে বৈঠক করে তাদের বেতন প্রদান ও কারখানা চালু করার চেষ্টা করা হবে—এমন আশ্বাস পেয়ে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে বাসায় চলে যায়। কালিয়াকৈর থানার ওসি মো. সানোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করেছেন।