ধর্ষণের ক্ষতিপূরণ ২ লাখ টাকা —এমএসএফের উদ্বেগ প্রকাশ

ব্রা‏হ্মণবাড়িয়া‏ জেলার কসবায় বিনাউটি ইউনিয়নে গত ৩ জুন, ২০২০ তারিখ সকালে সৈয়দাবাদ বাজারের একটি ভবনে এক মুক্তিযোদ্ধার নাবালিকা মেয়ে ধর্ষণের শিকার হওয়ার পর সালিশের মাধ্যমে মীমাংসা করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। একই সঙ্গে শিশুটির পরিবারকে নিরাপত্তারও দাবি জানিয়েছে সংগঠনটি।

এ ঘটনায় ঐ মুক্তিযোদ্ধা ঐদিনই দুই ধর্ষক মৃত আবদুল হামিদ মিয়ার পুত্র রাজমিস্ত্রি ইউসুফ মিয়া ও হেলু মিয়ার পুত্র রাজমিস্ত্রি সফিউল্লাহ মিয়াকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযুক্ত দুই আসামিকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়—থানায় অভিযোগ দায়েরের পর থেকেই একটি মহল ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আসছিল। গত শনিবার সৈয়দাবাদের বিল্লাল মেম্বরের বাড়িতে বিনাউটি ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল হোসেন, বিনাউটি ইউপি আওয়ামী লীগ সভাপতি মো. কামাল হোসেন এবং ২ নম্বর ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন ভুঁইয়ার নেতৃত্বে সালিশ বসে দুই ধর্ষককে ২ লাখ টাকা জরিমানা করে। এভাবে ধর্ষণের ঘটনায় সমঝোতার জন্য সালিশে স্থানীয় জনপ্রতিনিধিদের অংশ নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। —প্রেসবিজ্ঞপ্তি