হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার ১৪টি স্বর্ণবারসহ দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন- বিমানবন্দরে কর্মরত উদ্ভিদ সঙ্গনিরোধ বিভাগের ল্যাবরেটরি টেকনিশিয়ান আবদুল আজিজ ও বিমানযাত্রী মোলাম মিয়া।
ঢাকা কাস্টমস হাউজের উপ-কমিশনার অথেলো চৌধুরী বলেন, আটক দু’জনকে বিমানবন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের কাছে পাওয়া এক কেজি ৬০০ গ্রাম ওজনের স্বর্ণের চালানটির আনুমানিক বাজারদর ৮২ লাখ টাকা।
বিমানবন্দর সূত্র জানায়, বিকাল ৫টার দিকে সৌদিআরবের রিয়াদ থেকে আসা একটি উড়োজাহাজ থেকে নামেন মোলাম মিয়া। লাগেজ সংগ্রহের বেল্টের কাছের একটি স্তম্ভের পাশে স্বর্ণ হস্তান্তরের সময় তাকে ও আবদুল আজিজকে আটক করা হয়। পরে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে যাত্রীর ছোট হাতব্যাগ খুলে ১০ তোলা ওজনের ১৪টি স্বর্ণবার পাওয়া যায়।