টঙ্গীর ইজতেমা মাঠে সংঘর্ষে আহত বেল্লাল মারা গেছেন

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের পাড়ে ইজতেমা মাঠে দুই পক্ষের সংঘর্ষে আহত বেল্লাল হোসেন (৫৫) চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল বুধবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। গত ১ ডিসেম্বর আহত হওয়ার পর থেকে তিনি দীর্ঘ এক মাস এ হাসপাতালেই চিকিত্সাধীন ছিলেন।

তাবলিগ জামাতের কর্তৃত্ব নিয়ে বিবদমান দুটি পক্ষের মধ্যে প্রাণঘাতী ওই সংঘর্ষ হয়। সেদিন সকাল থেকেই চলা উত্তেজনা দুপুরের দিকে সংঘর্ষে রূপ নেয়। এতে দুই শতাধিক মুসল্লি আহত হন। তাদের মধ্যে ১৮ জনকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ইসমাইল নামে একজন পরে মারা যান।

ঢামেক সূত্র জানায়, ঘটনার পর গুরুতর আহত অবস্থায় বেল্লাল হোসেনকেও এখানে আনা হয়েছিল। চিকিত্সকরা সাধ্যমতো তাকে সারিয়ে তোলার চেষ্টা করেছেন। গতকাল সকাল থেকেই তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হয়। একপর্যায়ে রাত ৯টা ১৮ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন কর্তৃব্যরত চিকিত্সক।

পারিবারিক সূত্র জানায়, বেল্লাল হোসেনের বাবা প্রয়াত সুলতান মিয়া, মা আয়েশা বেগম। গ্রামের বাড়ি নোয়াখালী সদরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায়।