বাংলাদেশ এখন অনেক গোছানো ফুটবল খেলছে

বললেন মামুনুল ইসলাম

 সোহেল সারোয়ার চঞ্চল

জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার মামুনুল ইসলাম দেশের ফুটবলকে ইতিবাচক চোখে দেখার আহ্বান জানিয়েছেন। তার মতে, বাংলাদেশের ফুটবল এখন অনেক বেশি গোছানো। অনলাইন সাক্ষাত্কারে মামুনুল ইসলাম ফুটবল দর্শকদের তাদের পাশে থাকার অনুরোধ করেন। সেই সঙ্গে যারা জাতীয় দলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেন তাদের প্রতি আহ্বান জানিয়েছেন ইতিবাচক বিষয়গুলো তুলে ধরার জন্য। জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম বলেছেন, ‘বাংলাদেশের খেলা এখন অনেক গোছানো। জাতীয় দলের সাম্প্রতিক ম্যাচগুলোর অনেক কিছুই আছে যা দেশের ফুটবলে আগে হয়নি।’ মামুনুল বলেন, ‘এশিয়ান গেমসের দ্বিতীয় রাউন্ডে কোয়ালিফাই করেছে বাংলাদেশ। কাতারের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। এটাকে খাটো করে দেখার চেষ্টা করারটা ঠিক হবে না। আমাদের পারফরম্যান্স ভালো হলে ভালোই বলা উচিত।’ জাতীয় দলের ফুটবলারদের পারফরম্যান্স নিয়ে ঢালাও সমালোচনা পছন্দ হচ্ছে না মামুনুলের। কারণ যেটা ভালো সেটার ভলো কথা এবং খারাপ হলে খারাপ বললে মামুনুলের মন খারাপ হবে না। আবাহনীর মিডফিল্ডার মামুনুলের কথা হচ্ছে—আপনি যদি সব সময় নেতিবাচক চোখে দেখেন তাহলে কোনো কিছুতেই ভালো কিছু খুঁজে পাবেন না। এখন আমাদেরকে যদি মেসি নেইমারদের সঙ্গে তুলনা করেন তাহলে আমরা মেসি নেইমার হয়ে যাব না। এই কথাগুলো মানুমুল এবং তারই সমসাময়িক ফুটবলারদের কণ্ঠে উচ্চারিত হয়ে আসছে। জাতীয় দলের ফুটবলাররা সব সময় বলে আসছেন তারা জয় পেলে সেটি ফ্লুকে এসেছে। আসলে কেন এটি বলা হয় তার মানে খুঁজে পান না জাতীয় দলের খেলোয়াড়রা। মামুনুল বলছেন, ‘ফুটবল এত সহজ খেলা নয় যে, আপনি চাইলেই যেকোনো দলের বিপক্ষে জয় পেয়ে যাবেন। কোনো দুর্বল দলও ছেড়ে দিয়ে কথা বলে না। ৯০ মিনিট লড়াই করা কঠিন একটি কাজ। যারা ফুটবল খেলেন বা ফুটবলের সঙ্গে প্রকৃত অর্থে মিশে আছেন তারা নিশ্চই বুঝবেন।’

মামুনুল উদাহরণ টানলেন বিশ্বকাপ বাছাইয়ে কলকাতায় সল্ট লেকের মাঠে ভারতের বিপক্ষে বাংলাদেশ ১-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের সব দর্শক অপেক্ষায় ছিলেন ম্যাচ জয়ের আনন্দ করবেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। ম্যাচটা ১-১ গোলে ড্র হয়। আমি বলতে এমন একজন দর্শকও পাওয়া যাবে না যিনি আফসোস করেনি ম্যাচ নিয়ে। আমাদের প্রশংসাই করেছে। যারা আমাদের পারফরম্যান্স ভালো চোখে দেখে না তারা ফুটবলের বন্ধু নয়। কারণ আমরা উন্নতি করছি। ভারত আমাদের সঙ্গে ড্র করেছে সেই প্রমাণ করে পেশাদারিত্ব এবং উন্নতিরই দৃৃষ্টান্ত। ইতিবাচক সাপোর্ট করুন যেন খেলোয়াড়রা অনুপ্রেরণা পায় এবং আসছে এএফসি ও বিশ্বকাপ বাছাইপর্বসহ আগামী দিনের ম্যাচগুলো মাঠে এসে দেখুন। সেই সঙ্গে সকল ধরনের নেতিবাচক মন্তব্য এড়িয়ে চলুন। আমাদের পারফরম্যান্স নিয়ে আজেবাজে কথা বলবেন না প্লিজ।’