গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে খানাখন্দ, ঝুঁকিপূর্ণ চলাচল

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার ব্যস্ততম গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কের দুই কিলোমিটার অংশের এখন বেহালদশা। বিশেষত গোবিন্দগঞ্জ উপজেলা শহরের চারমাথা থেকে পূর্বে এই দুই কিলোমিটার অংশে খানাখন্দে ভরা। কার্পেটিং উঠে বড়ো বড়ো গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন সড়কটির এই অংশে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক মতিন মোল্লা বলেন, প্রতিদিন গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক দিয়ে কয়েক লাখ মানুষ যাতায়াত করে। গোবিন্দগঞ্জ পৌরবাসীসহ উপজেলার শিবপুর, কোচাশহর, মহিমাগঞ্জ ও শালামারা ইউনিয়নের জনসাধারণের উপজেলার সঙ্গে সংযোগের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে গাইবান্ধা জেলার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার জনসাধারণ ঢাকাসহ সারাদেশে যাতায়াত করে। কিন্তু এই সড়কে গোবিন্দগঞ্জ উপজেলা শহরের অংশের প্রায় দুই কিলোমিটার অংশের বেহালদশা। ফলে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হচ্ছে।

গোবিন্দগঞ্জ উপজেলা শহরের পান্তাপাড়া এলাকার রিকশাচালক আবদুল মজিদ বলেন, গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে প্রতিদিন রিকশা চালাই। দৈনিক ৩০০-৪০০ টাকা আয় করি। কিন্তু সড়কের বিধ্বস্ত অংশে প্রায় প্রতিদিন রিকশা নষ্ট হচ্ছে। প্রতিদিনই ১০০-১৫০ টাকা রিকশা সংস্কার করতে চলে যাচ্ছে। এ বিষয়ে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসান কবির বলেন, একটি পাকা সড়ক তিন বছর পরপর মেরামত করা হয়ে থাকে। সেই অনুযায়ী বরাদ্দও আসে। কিন্তু গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়ক নির্মাণের তিন বছর পূর্ণ হয়নি। আগামী বছরের জুন মাসের পর নির্মাণের তিন বছর হবে। তারপর বরাদ্দ পেলে এটি মেরামত করা হবে।