পাকুন্দিয়ায় নরসুন্দা নদীর ব্রিজ
পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ব্যস্ততম পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের কাওনা এলাকায় নরসুন্দা নদীর ওপর নির্মিত ব্রিজটির মধ্যস্থলের একটি অংশে ঢালাই ভেঙে রড বেরিয়ে পড়েছে।
বর্তমানে এ সেতু দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলছে যানবাহন ও পথচারী। এলজিইডির আওতাধীন সেতুটি সংস্কার না হওয়ায় যে কোনো সময় ব্রিজটির পুরো অংশ ভেঙে গিয়ে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছে এলাকাবাসী। সরজমিনে দেখা যায়, উপজেলার পাকুন্দিয়া-হোসেনপুর সড়কের সীমানায় জাঙ্গালিয়ার কাওনা এলাকায় অবস্থিত প্রায় চার দশকের পুরনো ব্রিজটি পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার সংযোগ ব্রিজ। কিন্তু ব্রিজটির মাঝখানে ঢালাই খসে পড়েছে ও রেলিংয়ের এক পাশ ভেঙে গেছে। বিভিন্ন অংশে পলেস্তরা খসে পড়ে রড বেরিয়ে গেছে। স্থানীয় লোকজন ব্রিজটির এক পাশে লাল নিশান টাঙিয়ে দিলেও যান চলাচল থেমে নেই। অনেকটাই ঝুঁকি নিয়ে প্রতিদিন ছোটো-বড়ো ও মাঝারিসহ শত শত যান চলাচল করছে। স্থানীয় সবজি ব্যবসায়ী ইসলাম (৪৫) ও কৃষক উসমান (৬২) জানান, চরাঞ্চলের উত্পাদিত সবজি পরিবহনের একমাত্র সড়ক এটি। কিন্তু ব্রিজটি ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। ট্রাকচালক সাকিব (২২) বলেন, আল্লাহর নাম জপতে জপতে ব্রিজটি পার হই, কখন যে পুরো ব্রিজ ভেঙে পড়ে। এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা প্রকৌশলী মো. হাবীবুল্লাহ দৈনিক ইত্তেফাককে বলেন, ব্রিজটি নতুন করে নির্মাণ করতে হোসেনপুর উপজেলা প্রকৌশলীর অফিস থেকে তালিকা পাঠানো হয়েছে। যা টেন্ডারের প্রক্রিয়াধীন রয়েছে। টেন্ডার হলেই দ্রুত কাজ শুরু হবে।